করোনাভাইরাসে মৃত্যুর দায় সরকারের: রিজভী
করোনাভাইরাস মোকাবেলায় ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে এর দায় সরকারকে নিতে হবে বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার গাজীপুর নগরীতে ত্রাণ বিতরণকালে তিনি বলেন, “সরকারের এই ব্যর্থতায় সাংবাদিক মারা যাচ্ছে, চিকিৎসক মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে। প্রতিদিন লাশের সারি দীর্ঘ হচ্ছে। করোনায় মৃত্যুর সকল দায় সরকারের। এই দায় তাদের নিতে হবে।”
তিনি বলেন, যে সময় করোনাভাইরাস নিয়ন্ত্রণের সময় ছিল সে সময় সরকার পদক্ষেপ নেয়নি। যখন চীনে করোনাভাইরাস মহামারী শুরু হলো তখন সরকার কোনো পদক্ষেপ নেয়নি।
প্রথম থেকে সরকার পদক্ষেপ নিলে এত মানুষের মৃত্যু হতো না বলে রিজভী মনে করেন।
রিজভী বলেন, “অতিরিক্ত সচিবের মতো সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ‘চিকিৎসার অভাবে’ মারা যাচ্ছেন। তার জন্য সরকার হাসপাতালে একটি সিটের ব্যবস্থা করতে পারেনি। একটি ভেন্টিলেটর যোগাড় করতে পারেনি। তাহলে সাধারণ মানুষের কী অবস্থা? দুর্যোগ দুর্বিপাকে কে কোথায় আছে আমরা জানি না, আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকব।”
দুপুরে গাজীপুর মহানগর বিএনপির টঙ্গী পূর্ব থানা শাখার আয়োজনে টঙ্গী বাজার এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রিজভী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপি সভাপতি হাসান উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন।
এছাড়া টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি মাহবুবুল আলম শুক্কুর, মহানগর যুবদলের সভাপতি বসির উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
