২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে হোটেল থেকে বিদেশি এনজিওকর্মীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের এক হোটেল কক্ষ থেকে রোহিঙ্গা সংশ্লিষ্ট আন্তর্জাতিক এক এনজিওর বিদেশি কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 01:28 AM

Updated : 18 Aug 2022, 02:58 PM

রোববার রাত ৮টায় কক্সবাজার শহরের কলাতলীর হোটেল ‘সুইট সাদাফ’র এক কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান।

মৃতাবস্থায় উদ্ধার ডুরাল মিসোস বে (৫০) তুরস্কের নাগরিক। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক তুরস্কের আসাদ নামের এক আন্তর্জাতিক সংস্থার আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, ‘স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।’

ওসি খায়রুজ্জামান বলেন, রোববার রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল সুইট সাদাফ কর্তৃপক্ষের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। হোটেলটির এক কক্ষের শোয়ার খাট থেকে এক বিদেশি নাগরিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষ ও হোটেলটিতে একই কক্ষে বসবাসকারী বিদেশি নাগরিকের বরাত দিয়ে ওসি বলেন, তুরস্কের নাগরিক ডুরাল মিসোস বে রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক এক আন্তর্জাতিক সংস্থায় আইটি কর্মকর্তা হিসেবে কক্সবাজারে কর্মরত ছিলেন। তার সঙ্গে হোটেলটির একই কক্ষে আরেক বিদেশি নাগরিকও থাকতেন। তিনি সন্ধ্যার পরে রোহিঙ্গা ক্যাম্প থেকে হোটেল কক্ষে ফিরে ডুরাল মিসোস বে-কে সাড়া খাটে শোয়া শব্দহীন অবস্থায় দেখতেন পান।

"কয়েকবার ডাকাডাকির পরও ডুরালের কোনো সাড়া না পাওয়ায় ওই বিদেশি নাগরিক বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞান অবস্থায় তাকে (ডুরাল) উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

খায়রুজ্জামান বলেন" হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।"

ওসি জানান, পুলিশের প্রাথমিক ধারণা, স্টোকে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শাহীন মো. আব্দুর রহমান বলেন, রাতে হাসপাতালে এক বিদেশি নাগরিককে আনা হয়। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে পরীক্ষার জন্য মৃত বিদেশি নাগরিকের নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে আরএমও বলেন, পরীক্ষার ফলাফল জানার পর বিদেশি নাগরিকের মৃতদেহ সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে।

ডুরালের মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে বলে জানান আরএমও।