কোভিড-১৯: লালমনিরহাটে সুস্থ হয়ে ফিরল বাবা-ছেলে
লালমনিরহাটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এক পোশাক শ্রমিক ও তার সাত বছরের ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
লালমনিরহাট সদর হাসপাতাল থেকে রোববার তাদের ছাড়পত্র দেওয়া হয়।
জেলার সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের ওই ব্যক্তি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিক।
গত ১১ এপ্রিল জেলায় প্রথম তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর তার সংস্পর্শে আসা তার সাত বছরের ছেলেও আক্রান্ত হয়।
লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নিমর্লেন্দু রায় বলেন, ওই ব্যক্তি ও তার ছেলে লালমনিরহাট সদর হাসপাতালে ২২ দিন চিকিৎসাধীন ছিল। পরে তাদের আবার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে করোনাভাইরাস নেগেটিভ আসে। তাই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা দুজনেই এখন সুস্থ ও করোনাভাইরাস মুক্ত।
জেলায় এখন একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী আদিতমারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।
