২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে একশ টন চালবাহী জাহাজ উধাও

ব্যবসায়ীদের ‘না জানিয়ে’ তাদের আমদানি করা শতাধিক টন চাল নিয়ে একটি কার্গো জাহাজ চাঁদপুরের ঘাট থেকে চলে গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 04:19 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

মঙ্গলবার ভোরে চাঁদপুরের বাণিজ্যিক এলাকা পুরানবাজারের ডাকাতিয়া নদীর ভূঁইয়ার ঘাট থেকে জাহাজটি চলে যায় বলে ব্যবসায়ীরা জানান।  

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে মফিজ হাজীসহ বেশ কয়েকজন ব্যবসায়ী সাংবাদিকদের জানান।  

ক্ষতিগ্রস্ত চাল ব্যবসায়ীরা জানান, পুরাণবাজারের পরেশ মালাকার, মফিজ হাজী, শম্ভু সাহা, আনিছ বেপারী, মক্কা ট্রেডার্সসহ আরও কয়েকজন চাল ব্যবসায়ী পাবনার নগরবাড়ি ঘাট থেকে দুই হাজার ১০০ বস্তা চাল আমদানি করে। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল।

অভিযোগে বলা হয়, চালগুলো মিলন মাঝি নামের এক ব্যক্তির কার্গো জাহাজে করে পুরাণবাজার ঘাটে আসে সোমবার। সেদিন কিছু চাল ব্যবসায়ীদের গুদামে উঠানো হয়। এরপরে মঙ্গলবার ভোররাতে ব্যবসায়ীদের না জানিয়ে জাহাজটি ঘাট থেকে উধাও হয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, মঙ্গলবার সকালে ঘাটে চালভর্তি জাহাজটি দেখতে না পেয়ে ব্যবসায়ীরা আশপাশে খোঁজেন। কিন্তু কোথাও কার্গোর সন্ধান পাওয়া যায়নি। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

চাঁদপুর মডেল থানার ওসি নাছিম উদ্দিন বলেন, “১০৫ টন চালসহ একটি কার্গো জাহাজ উধাও হয়ে যাওয়ার বিষয়টি আমরা শুনেছি। এ ব্যাপারে ৫/৬ জন ব্যবসায়ী বুধবার সকালে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।”

জাহাজটির সন্ধানে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে বলে তিনি জানান।