২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের অনুমতি নিয়ে গাইবান্ধায় এলেন ৩৬ জন

নভেল করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে গাইবান্ধাকে অবরুদ্ধ ঘোষণা করা হলেও একটি বাসে করে আরও ৩৬ জন ফিরে এসেছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 04:49 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

জেলার সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, বাসচালক চট্টগ্রামের বোয়ালখালীর ইউএনওর প্রত্যয়নপত্র নিয়ে এসেছেন।

মঙ্গলবার দুপুরে হানিফ পরিবহনের একটি বাসে করে তারা গাইবান্ধায় আসেন। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

৩৬ জনের মধ্যে রয়েছেন জেলার সাঘাটা উপজেলার ২৭ জন, গাইবান্ধা সদর উপজেলার সাতজন আর গোবিন্দগঞ্জ উপজেলার দুইজন।

তারা সবাই চট্টগ্রামের বোলায়মারী উপজেলায় একটি সরকারি পানি শোধনাগার প্রকল্পে কাজ করতেন বলে জানান ইউএনও মহিউদ্দিন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, বাসটিকে গোবিন্দগঞ্জের কালিতলায় হাইওয়ের পুলিশের চেকপোস্টে আটকানো হয়। পরে যাত্রীসহ বাসটি সাঘাটায় পাঠানো হয়।

তাদের সাঘাটা উপজেলার ঘুড়িদহ উচ্চবিদ্যালয়ে ১৪ দিনের জন্য প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানান জানান ইউএনও মহিউদ্দিন।

গাইবান্ধা নাগরিক কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু বলেন, গাইবান্ধাকে অবরুদ্ধ ঘোষণার  পরও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন লোকজন এসে গাইবান্ধাকে ঝুঁকিপূর্ণ করে তুলছেন।

গাইবান্ধায় এখন পর্যন্ত ১২ জন আক্রান্ত হয়েছেন। প্রতিনিয়ত বাইরে থেকে লোকজন আসায় আতঙ্ক তৈরি হচ্ছে বলে জানান সিরাজুল ইসলাম।

বুধবার জেলা প্রশাসকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত এ জেলায় এক হাজার ৩৮৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ জন। তাদের মধ্যে প্রথম দুইজন আমেরিকা প্রবাসী ও তাদের সংস্পর্শে আসা তিনজন। তাছাড়া রয়েছেন নারায়ণগঞ্জ ফেরত দুইজন, ঢাকা ফেরত একজন এবং নারায়ণগঞ্জ ফেরত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন আরও চারজন।

পুরনো খবর:

ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত ২ জনের সংস্পর্শে গাইবান্ধায় আক্রান্ত আরও ৪