২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে টিসিবির পণ্য মজুদ ও বিক্রি করায় ২ জন গ্রেপ্তার

নড়াইলে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি ও মজুদ রাখার আপরাধে ডিলারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 06:16 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াস হোসেন জানান।

এরা হলেন- সদর উপজেলার নাকসী গ্রামের ইয়াসিন শিকদারের ছেলে লিটন শিকদার (৩৫) ও রূপগঞ্জ বাজারের টিসিবির ডিলার কুড়িগ্রাম এলাকার স্বর্ণপট্টির রাজকুমার কুণ্ডুর ছেলে পরিতোষ কুণ্ডু (৬৫)।

ওসি বলেন, “টিসিবির পণ্য অবৈধভাবে ক্রয় করার গোপন খবরে লিটন শিকদারের দোকানে  অভিযান চালানো হয়। সেখান থেকে টিসিবির ১৮ বস্তা চিনি (বস্তাপ্রতি ৫০ কেজি) এবং ২৪ বস্তা ছোলা (২৫ কেজি) জব্দ ও লিটনকে গ্রেপ্তার করা হয়।

“এ সময় লিটন জানান যে- টিসিবির ডিলার পরিতোষের কাছ থেকে সে এসব চিনি ও ছোলা কিনেছেন। এরপর রূপগঞ্জ বাজার থেকে পরিতোষকে গ্রেপ্তার করা হয়।”

ওই দুইজনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে জানিয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “এই দুর্যোগের সময় চাল নিয়ে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। ”