প্রথম পাহাড়ি সংসদ সদস্য এমএন লারমাকে স্মরণ
জাতীয় সংসদের প্রথম পাহাড়ি সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার সকালে খাগড়াছড়ি শহরে চেঙ্গী স্কয়ারে স্থাপিত এমএন লারমার মূর্তির পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জনসংহতি সমিতি (এমএন লারমা) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর নেতাকর্মীরাসহ সর্বস্তরের পাহাড়িরা।
এর আগে শহরের মহাজনপাড়া থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
অধিকার আদায়ে তার নেতৃত্বে ১৯৭২ সালের ৭ মার্চ রাঙ্গামাটিতে ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) গঠিত হয়।
পরে ১৯৭৩ সালের ৭ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সংগঠন ‘শান্তিবাহিনী’ গঠন করেন। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’র পর ‘৯৮ সালের ১০ ফেব্রুয়ারি অস্ত্র সমর্পনের মধ্যদিয়ে এই শান্তিবাহিনীর বিলুপ্ত ঘটে।
এই গেরিলা নেতা ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ভগবানটিলা সংলগ্ন ‘ইজারা’ নামক গ্রামে একদলের হামলায় নিহত হন।
তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সভাপতি আরাধ্য পাল খীসা এবং প্রধান অতিথির ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা।
নেতৃবৃন্দ বলেন, সেই অশুভ চক্র ও চুক্তি বিরোধীদের প্রতিহত করতে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন আন্দোলনকে গতিশীল করার বিকল্প নেই।
জেলার মহালছড়ি ও দীঘিনালা উপজেলায় এমএন লারমার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
