তারেক রহমানের বিরুদ্ধে আরেকটি গ্রেপ্তারি পরোয়ানা
একটি মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জের একটি আদালত।
সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিল্টন হোসেন এ আদেশ দেন।
আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জয়বাংলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কার্যকরী কমিটির আহবায়ক আকরাম হোসেন বাদল মামলাটি দায়ের করেন।
মামলার অপর দুই আসামি হলেন- যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস (৭০) ও সাধারণ সম্পাদক কাওছর এম আহমেদ (৬০)।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৯ অগাস্ট লন্ডনের একটি অনুষ্ঠানের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় ২ ও ৩ নম্বর বিবাদীর সহায়তায়।
মামলায় বলা হয়, সংবাদে দেখা যায়- ওই অনুষ্ঠানে তারেক রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করেন এবং স্বাধীনতার ইতিহাস বিকৃত করে মানহানিকর কথাবার্তা বলেন।
বিবাদীর এই ধরনের বক্তব্যে জনমনে চরম বিশৃঙ্খলা, বিভ্রান্তি ও সামাজিক শৃঙ্খলা নষ্ট করার লক্ষ্যে উস্কানি ছড়ান বলে মামলায় উল্লেখ করা হয়।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল হুদা বলেন, বিবাদীগণ বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিয়ে ৫০০ ও ৫০১ ধারায় অপরাধ করেছেন।
“আদালত আমাদের আবেদন গ্রহণ করে তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালত আগামী ১০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে।”
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুল হাই সাংবাদিকদের বলেন, তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান গত ১১ বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন। শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও মানহানীর অভিযোগে আরও কয়েক ডজন মামলা রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে।
মুদ্রা পাচার ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় তারেক যথাক্রমে সাত বছর ও ১০ বছরের দণ্ডিত। এছাড়া ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলাতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত তিনি।
