Published : 27 Aug 2019, 11:57 PM
মঙ্গলবার গোপালগঞ্জ, ঝিনাইদহ, শেরপুর, পঞ্চগড় ও লালমনিরহাট জেলায় এসব দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
গোপালগঞ্জ
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক কেরামত মাতুব্বর নিহত হয়েছেন; আহত হয়েছেন তিন শ্রমিক।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কেরামত মাতুব্বর মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের কাশেম মাতুব্বরের ছেলে।
আহতরা হলেন একই এলাকার শ্রমিক মিলন (২০), হাসান (২৫) ও ইলিয়াছ (৩০)। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, টেকেরহাটগামী একটি পিকআপ ভ্যান অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় ফরিদপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে পিকআপ ভ্যানের সমুখভাগ দুমড়েমুচড়ে যায়। পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন।”
ঝিনাইদহ
ঝিনাইদহ সদরের হলিধানী বাজারে প্রাইভেটকারের ধাক্কায় রমিজ উদ্দিন (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমিজ উদ্দিন হলিধানী গ্রামের মৃত রজব আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার এসআই বকতিয়ার হোসেন বলেন, বিকালে বাড়ি থেকে বাইসাইকেলযোগে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন রমিজ উদ্দিন। হলিধানী বাজারে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
“উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
প্রাইভেটকার ও চালক মুন্না মোড়লকে আটক করেছে পুলিশ। আটক মুন্না মোড়লের বাড়ি খুলনার দৌলতপুরে।
শেরপুর
শেরপুরের নালিতাবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন নজরুল ইসলাম মিন্টু নামে এক ইউপি সদস্য। আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার বিকালে নালিতাবাড়ী-নকলা সড়কের যোগানিয়া কান্দাপাড়া সাহেব আলী মোড় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম উপজেলার কাকরকান্দি ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন।
নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার হোসেন বলেন, নালিতাবাড়ী কাকরকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মিন্টু দুই আত্মীয় আব্দুর রব ও জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে ছেলের বিয়ের দাওয়াত দিয়ে নকলা থেকে মোটরসাইকেলযোগে নালিতাবাড়ী ফিরছিলেন।
তিনি জানান, বিকাল সাড়ে ৪টার দিকে যোগানিয়া কান্দাপাড়া সাহেব আলী মোড় এলাকায় নালিতাবাড়ী থেকে নকলাগামী একটি বালু বোঝাই ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। “এতে মোটরসাইকেলের চালক ইউপি সদস্যসহ তিন আরোহী ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে নজরুল ইসলাম নিহত হন।”
আহত আব্দুর রব ও জাহিদুলকে নালিতাবাড়ী হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে জাহিদুলকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।
পঞ্চগড়
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় জমিরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম জানান, জমিরুল অন্য শ্রমিকদের সঙ্গে স্থলবন্দরের একটি পাথর ভাঙার সাইটে ট্রাকে পাথর উত্তোলনের কাজ করছিলেন।
“ট্রাকে পাথর ভর্তি হয়ে গেলে নিচে নেমে পাশে দাঁড়িয়ে তা ঠিক আছে কিনা দেখছিলেন তিনি। এ সময় ওই সাইটে একটি ভারতীয় ট্রাক হঠাৎ পিছাতে শুরু করলে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান জমিরুল।”
ওসি বলেন, গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার বাড়ি বাংলাবান্ধা ইউনিয়নের দিঘলগাঁও গ্রামে বলে জানান তিনি।
লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় সোহরাব হোসেন (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের নামুড়ি কদমতলা চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহরাব হোসেন কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোয়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। তিনি ভূমি সার্ভেয়ার ছিলেন।
আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, শিয়ালখোয়া এলাকার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাইপাস সড়ক হয়ে মহিষখোচার দিকে যাচ্ছিলেন সোহরাব হোসেন।
“নামুড়ি কদমতলা চৌরাস্তা মোড়ে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়ক ক্রসিংয়ের সময় বুড়িমারীগামী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সোহরাব।”
পুলিশ ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।
ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।