রূপগঞ্জে নারী ইউপি সদস্য হত্যা: এক আসামির স্বীকারোক্তি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারী ইউপি সদস্য ও আওয়ামী মহিলা লীগ নেত্রী বিউটি আক্তার কুট্টি হত্যার মামলা হয়েছে; এ ঘটনায় গ্রেপ্তার এক আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।
বুধবার গভীর রাতে কুট্টির মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
বৃহস্পতিবার এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন সাদ্দাম হোসেন।
সাদ্দাম রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার এনায়েত হোসেনের ছেলে।
মামলায় অভিযোগ করা হয়, গত বছর বাদীর বাবা এম এ হাসান মুহুরীকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় তার মা বিউটি আক্তার কুট্টি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে তদন্তনাধীন রয়েছে।
সেই মামলা করার পর থেকে আসামিদের সঙ্গে বিউটি আক্তার কুট্টির বিরোধ চলে আসছিল। এরই জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। সকালে গ্রেপ্তার আসামি সাদ্দাম হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার আসামিরা হলেন চনপাড়া এলাকার স্বপন, জয়নাল, হাসমত, শমসের উদ্দিন, জামাল, খলিল, রবিন, আনোয়ার, কুদ্দুস, রাজা, শাহিন ও খাজাসহ অজ্ঞাত ৫/৬ জন।
বুধবার সকালে পশ্চিমগাঁও এলাকায় হাঁটতে গেলে একদল হামলাকারী বিউটি আক্তারকে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে যায়।
বিউটি রূপগঞ্জ উপজেলার পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী। তিনি কায়েতপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য এবং চনপাড়া ইউনিয়ন পুর্নবাসন কেন্দ্র আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ছিলেন।
