কুষ্টিয়ায় গোয়ালে আগুন লেগে বৃদ্ধা নিহত
কুষ্টিয়ায় গোয়াল ঘরে আগুন লেগে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গোয়ালের মশা তাড়ানোর জন্য রাখা ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর কুমার দেবনাথ জানান, বুধবার গভীর রাতে উপজেলায় ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বাঙ্গালপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত সালেহা বেগম (৬৩) ওই গ্রামের আনছার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, গভীর রাতে গোয়াল ঘরে আগুন দেখতে পেয়ে সালেহা গরু খুলতে গিয়েছিলেন। তিনি আর বের হতে পারেননি। আগুনে তিনটি গরু, রান্নাঘর ও বসতঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রবীর কুমার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। পরে ভস্মিভূত গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে সালেহার লাশ উদ্ধার করা হয়।
“গরুর ঘরে মশা তাড়ানোর জন্য রাখা সাজালের ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।”
