Published : 20 Jan 2019, 12:52 PM
রোববার সকালে উপজেলার জালশুকা গ্রামের এক লেবু বাগান থেকে ছয় বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে সাটুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম জানান।
জুবায়েত হোসেন নামের শিশুটি জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। সে ওই গ্রামের শামসুল ইসলামের ছেলে।
গত বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পর জুবায়েত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে থানায় জিডি করেন তার চাচা মোখলেছুর রহমান।
মোখলেছুর জানান, শুক্রবার সকালে জুবায়েতের বাবাকে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ও র্যাব অভিযান শুরু করে। ফোন নম্বরের সূত্র ধরে র্যাব-৪-এর একটি দল শনিবার রাতে মহিদুর রহমান নামের স্থানীয় এক যুবককে আটক করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার সকালে জুবায়েতের বাড়ির কাছে একটি লেবু বাগান থেকে ছেলেটির লাশ উদ্ধার করেন র্যাব সদস্যরা।
ওসি আমিনুল ইসলাম বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।