২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘পরিষ্কার দুটি লাল কার্ড’ না দেওয়ায় রেফারির ওপর ক্ষুব্ধ মরিনিয়ো

রেফারির অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে রেফারিং কমিটিকেও একহাত নিলেন রেয়াল মাদ্রিদ কোচ।

‘পরিষ্কার দুটি লাল কার্ড’ না দেওয়ায় রেফারির ওপর ক্ষুব্ধ মরিনিয়ো

জুজে মরিনিয়ো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 01:57 AM

Updated : 21 Sep 2026, 01:57 AM

উত্তপ্ত মাদ্রিদ ডার্বির পর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জুজে মরিনিয়ো। রেয়াল মাদ্রিদ কোচের মতে, দুটি ঘটনায় আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়দের লাল কার্ড পাওয়া উচিত ছিল।

আতলেতিকোর ঘরের মাঠ মেত্রোপলিতানোয় রোববার লা লিগার ম্যাচটি ২-১ গোলে হারে স্পেনের সফলতম দল রেয়াল।

প্রথমার্ধে জুড বেলিংহ্যামের পা মাড়িয়ে দেওয়ার জন্য আতলেতিকোর ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে লাল কার্ড না দেখানোয় ক্ষুব্ধ ছিল রেয়াল শিবির। পরে ফেদেরিকো ভালভের্দেকে লি কাং-ইনের করা একটি ট্যাকল নিয়েও তারা অভিযোগ করে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।

ওই দুটি ঘটনার ছবি সংবাদ সম্মেলনে তুলে ধরে রেফারির কড়া সমালোচনা করেন ৬৩ বছর বয়সি মরিনিয়ো।

“ওই দুটি ছিল পরিষ্কার লাল কার্ড। একজনকে বহিষ্কারের পর থেকে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি, ১১ জনের বিপক্ষে ১০ জন। আচ্ছা, ন্যায়বিচার হলে ১১ জনের বিপক্ষে ৯ জনের ৫০ মিনিটের খেলাটা কেমন হতো, তা আমরা কল্পনা করতে পারি।”

বক্সের ভেতর জুলিয়ানো সিমেওনেকে ফাউল করায় রেয়ালের ডিফেন্ডার ডিন হাউসেনকে লাল কার্ড দেখানো হয়। সেই পেনাল্টি থেকে আতলেতিকোকে এগিয়ে নেন আলেহান্দ্রো গ্রিমাল্দো। ছয় মিনিট পর ব‍্যবধান দ্বিগুণ করেন জনাতেন ডেভিড। শেষ দিকে ব‍্যবধান কমান আন্টোনিও রুডিগার।

রেফারির অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে রেফারিং কমিটিকেও একহাত নিলেন মরিনিয়ো।

“কোনো আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই, এমন একজন ৪১ বছর বয়সী রেফারিকে তারা নিয়োগ দিয়েছে, এটা অবশ্যই এই কারণে নয় যে, তিনি একজন গ্রেট রেফারি।

“তারপর বেচারা এখানে এসেছে এবং চাপ সামলাতে পারেনি। আর এটা সত্যিই প্রচণ্ড চাপের ম্যাচ। এই স্টেডিয়ামে আমি এটাকে বলি ‘আশির দশকের চাপ’, যা আজকাল প্রায় দেখাই যায় না।”

বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে থাকা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তীক্ষ্ণ জবাব দেন রেয়াল মাদ্রিদ কোচ।

“তারা (রেফারি) যদি আমাদের শান্তিতে থাকতে দেয় এবং বাকি সবার সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করার সুযোগ দেয়, তারপরও আমাদের এখনও অনেক পথ যেতে হবে।

“আমি এতটা বলতে চাই না যে, এটা সাজানো ছিল... আমি বিশ্বাস করতে চাই, তারা কেবল একটি ভুল করেছে।”

রেফারি ও রেফারিং কমিটি নিয়ে মরিনিয়োর মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে আতলেতিকোর কোচ দিয়েগো সিমেওনে সবার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

“আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল, তবে আমাদের মনে রাখতে হবে যে ফ্লিক, মরিনিয়ো, পেল্লেগ্রিনি ও সিমেওনের মতো কোচরা বিশেষ অবস্থানে আছেন এবং ব্যাপক প্রচারের আলোয় থাকেন; তাই কথা বলার ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। রেফারি ও সহকর্মীদের প্রতি আমাদের সম্মান বজায় রাখতে হবে। আপনি মরিনিয়ো, সিমেওনে, ফ্লিক বা পেল্লেগ্রিনি- যেই হোন না কেন- সেই সীমারেখা অতিক্রম করাটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়; ওই সীমা অতিক্রম করা যায় না।”

দলের পারফরম্যান্সের ওপর মনোযোগ দিতেই বেশি আগ্রহী এই আর্জেন্টাইন কোচ।

“আজ আমরা দুর্দান্ত একটি ম্যাচ দেখেছি; আমরা এমন একটি দলের বিপক্ষে খুব ভালোভাবে রক্ষণ সামলেছি, যারা খুব ভালো খেলে।

“যখন ১১ জনের বিপক্ষে ১১ জন ছিল, তখন আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। যখন ১১ জনের বিপক্ষে ১০ জন হলো, তখনও আমরা নিয়ন্ত্রণ ধরে রেখেছি।”

সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে আতলেতিকো। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আছে রেয়াল বেতিস। ১৫ পয়েন্ট নিয়ে চারে রেয়াল মাদ্রিদ।

আর ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।