শেরপুরে ট্রাকচাপায় একজন নিহত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আব্দুল জলিল (৫৫) উপজেলার নয়াকান্দা গ্রামের কদম আলীর ছেলে।
নালিতাবাড়ী থানার ওসি আবুল খায়ের জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার যোগানিয়া কান্দাপাড়া সাইব আলীর মোড়ে নকলা-নাকুগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, জলিল ও তার বড় ভাই সেকান্দর আলী ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি সারবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা হয়েছে। তবে পুলিশ ট্রাক বা এর চালককে আটক করতে পারেনি।
লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
