ফরিদপুর ‘প্রতারক চক্রের’ ৪ জন গ্রেপ্তার
ফরিদপুরে প্রতরাণার মাধ্যমে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার ব্যক্তিকে আটক করেছে র্যাব।
রোববার ভোরে জেলার ভাঙ্গা থানার মিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে ফরিদপুর র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান।
এরা হলো- মো. জাকির হোসেন (৩০), মো. কামাল হাওলাদার (২৬), মেহেদী হাসান ফয়সাল (৩০) ও মো. টুলু চৌধুরী (৩২)।
র্যাব কর্মকর্তা নাজমুছ বলেন, আটক চারজন ফরিদপুরের কোতয়ালি থানার মো.আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লাখ এগারো হাজার নয়শত সাতানব্বই টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনায় আশারাফুল র্যাবের কাছে অভিযোগ করে। পরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে র্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
এ সময় ১১৬টি বিভিন্ন কোম্পানির মোবাইলের সিম, ২৪টি মোবাইল সেট ও একটি ট্যাব উদ্ধারের কথাও জানিয়েছে র্যাব।
