পাবনায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
পাবনার সদর উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
উপজেলার রাজাপুর এলাকায় শনিবার ভোর সাড়ে ৩টার দিকে গোলাগুলির ওই ঘটনায় নিহত টিপু শেখকে (৪৫) মাদক বিক্রেতা বলে দাবি করছে র্যাব।
ওই উপজেলার কবিরপুর গ্রামের আছর উদ্দিনের ছেলে টিপুর বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা রয়েছে বলে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার রুহুল আমিনের ভাষ্য।
তিনি বলেন, রাজাপুরের ক্যালিকো কটন মিলের পরিত্যক্ত ভবনে মাদক চোরাকারবারীদের অবস্থানের খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।
“এ সময় মাদক বিক্রেতারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ল র্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে টিপুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে র্যাব কর্মকর্তা রুহুল আমিন জানান।
এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশী রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও ৭৭টি ইয়াবা উদ্ধারের কথাও জানায় র্যাব।
