২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের বেশি অর্থ না নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বিচার প্রার্থী মানুষ থেকে আইনজীবীদের বেশি অর্থ না নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2018, 09:59 PM

Updated : 11 Oct 2022, 12:40 PM

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ায় মঙ্গলবার কিশোরগঞ্জ জজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের দেওয়া সংবর্ধনায় তিনি এ আহ্বান জানান। 

আবদুল হামিদ নিজেও একজন আইনজীবী। ১৯৯৬ সালে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার আগে তিনি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে প্রায় ২০ বছর আইন পেশায় নিয়োজিত ছিলেন। পাঁচবার জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন।

রাষ্ট্রপতি বলেন, প্রত্যেক মানুষের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে। আইনজীবী হিসেবে তাদেরকে সেবা দিতে হবে।

“আমাদের দেশে বড় লোকরা নয়, সাধারণ মানুষরাই বেশি মামলা করতে আদালতে আসে। তাদের কাছ থেকে প্রয়োজনের বেশি অর্থ নেওয়া উচিৎ নয়।”

তিনি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায়, কোন আইনজীবী যদি মামলার বাদী বা আসামী হন তাহলে তার বিরুদ্ধে আদালতে কোনো আইনজীবী দাঁড়ান না। সবাই আইনজীবীর পক্ষে থাকায় বিচার প্রার্থী সাধারণ মানুষ আইনজীবী পায় না।

এটা ঠিক নয় এবং এ ধরনের মানসিকতা ত্যাগ করা উচিৎ বলে তিনি মনে করেন।

আইনজীবীদের ঐক্যের কারণে যেন সাধারণ মানুষ ‘অত্যাচারিত’ না হয় সেদিকে খেয়াল রাখারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আইনমন্ত্রী আনিসুল হক দেশের উন্নয়নের বিবরণ দিয়ে বলেন, দেশের বাজেট এক সময় ৭৫৬ কোটি টাকা ছিল। এখন তা চার লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

“অচিরেই আমরা দেশের বাজেটের ৯০ শতাংশ নিজেরাই অর্থায়ন করতে পারব। এটা আমাদের বিরাট অর্জন।”

এই অগ্রযাত্রা ধরে রাখতে হবে আইনজীবীদের ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন তিনি ।

এ সময় আইনমন্ত্রী কিশোরগঞ্জ জেলা বারে ‘রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভবন’ নির্মাণের জন্য এক কোটি টাকা অনুদানের ঘোষণা দেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মাহবুব-উল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল আলম শহীদ প্রমুখ।

তিন দিনের সফরে সোমবার দুপুরে তিনি কিশোরগঞ্জ আসেন। বুধবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।