২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুক হত্যায় জামিন পাননি এমপি রানা

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন হয়নি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 07:10 PM

Updated : 08 Apr 2022, 06:58 PM

বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদা খানম বুধবার শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় রানা আদালতে ছিলেন।

২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে।

এ ঘটনায় তার স্ত্রী নাহার আহমেদ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশ রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দেয়।

রানার অন্য তিন আসামি ভাই হলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী জাহিদুর রহমান খান কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা।

আইনজীবী রফিকুল বলেন, গত ৮ অগাস্ট আসামিপক্ষ জামিন আবেদন করলে তার শুনানি শেষে বুধবার আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেয়।

“এছাড়া বুধবার বাদিপক্ষের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। সাক্ষীর হাজির না হওয়ায় আগামী ২৭ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের নতুন দিন ঠিক করে আদেশ দিয়েছে আদালত।”

এদিকে জামিন আবেদন শুনানি উপলক্ষে আদালত চত্বরে জড়ো হওয়া রানার সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়েছে।

রানার জামিন আদেশকে কেন্দ্র করে আদালত চত্বরে সকাল থেকেই পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। আদালত চত্বর ছাড়াও শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবু বেলা ১১টার দিকে আসামিপক্ষের সমর্থকরা আদালত এলাকার পাশে শামসুল হক তোরণ এলাকায় অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়।