পাবনায় জমির বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন
পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কুলুনিয়া গ্রামে শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান।
নিহত মনিরুল ইসলাম (২৫) ওই এলাকার ইজারুল ইসলামের ছেলে।
এ ঘটনায় মনিরুলের বাবাও আহত হয়েছেন। তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
পরিদর্শক জালাল বলেন, গ্রামের একখণ্ড জমি নিয়ে কুলুনিয়া গ্রামের সাবেক ইউপি মেম্বার রবিউল ইসলাম নুকুর সঙ্গে মনিরুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
“এর জেরে শনিবার রাতে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনিরুলকে ছুরিকাঘাত করে রবিউল। এ সময় মনিরুলের বাবা ইজারুল বাধা দিতে গেলে তাকে রবিউল তাকেও ছুরি মেরে পালিয়ে যান।”
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মনিরুলের মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
