কালীগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।
বৃহস্পতিবার নাগরী মঠবাড়ি এলাকায় ঢাকা-দিনাজপুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই গোলাম মাওলা জানান।
নিহতরা হলেন উপজেলার নাগরীর ইউনিয়নের আমারুল গলান এলাকার আবু হানিফার ছেলে সাইদুর রহমান (২৫) এবং একই ইউনিয়নের পারাবর্তা গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে আলম মিয়া (৩২)।
আহত মাসুমকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই মাওলা বলেন, সাইদুর, আলম ও মাসুম মোটরসাইকেলে করে উলুখোলা থেকে কাঞ্চন এলাকায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সাইদুর ও আলম মারা যান।
পরে স্থানীয়রা মাসুমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মীরের হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন বলে জানান তিনি।
পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই গোলাম মাওলা।
