দুই জেলায় বজ্রপাতে নিহত ৩
বৃষ্টির সময় বজ্রপাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কিশোর আর রংপুরের বদরগঞ্জে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
ওই কিশোর বৃষ্টির মধ্যে হাওরে মাছ ধরছিল। রংপুরে এক নারী মারা গেছেন বৃষ্টির সময় বাড়ির পাশে গরু ঘরে আনতে গিয়ে। আর তরুণের মৃত্যু হয়েছে বৃষ্টির মধ্যে গোসল করার সময়।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রায় একই সময় পৃথক তিন স্থানে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মোজাম্মেল হক জানান, পইলারকান্দি গ্রামের ধন মিয়ার ছেলে আলাউদ্দিন (১২) গ্রামের পাশে হাওরে অন্যদের সঙ্গে মাছ ধরছিল। হঠাৎ বজ্রপাতে আহত হলে সঙ্গীরা তাকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
রংপুরের বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক বলেন, সাহাপুর মাস্টারপাড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী আয়েশা খাতুন (৫০) বৃষ্টির সময় বাড়ির পাশে বেঁধে রাখা গরু ঘরে নেওয়ার পথে বজ্রপাতে মারা যান। আর বাড়ির বাইরে বৃষ্টিতে গোসল করার সময় বজ্রপাতে মারা যান আলমগীর হোসেন (২৪) নামে এক তরুণ।
আলমগীর রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সেরহাট রহমতপুর গ্রামের সামসুল হকের ছেলে।
