২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ঢাকাগামী ট্রাকে ১১ হাজার ইয়াবা, আটক ২

দেশে মাদকবিরোধী অভিযানের মধ্যে ফেনীতে ঢাকাগামী একটি ট্রাক থেকে এগারো হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ট্রাকটিসহ দুই জনকে আটক করা হয়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2018, 10:02 PM

Updated : 08 Apr 2022, 06:25 PM

বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে মো. হাসান (২৭) ও মো. মনির হোসেনকে (৩২) আটক করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, গোপন সংবাদ পেয়ে র‌্যাব বুধবার দুপুরে মহিপাল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

“কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৪-৭৩০০) তল্লাশি চালিয়ে ভেতরে লুকানো ১১ হাজার ৬৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।”

আটক মো. হাসান ঢাকার ধামরাই উপজেলার রূপনগর গ্রামের মনির উদ্দিনের ছেলে এবং মো. মনির হোসেন একই উপজেলার কাইজারকুণ্ড গ্রামের মোহাম্মদ শামসুর ছেলে।   

র‌্যাব কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য প্রায় ৫৮ লাখ ১৫ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি, ট্রাক ও উদ্ধারকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

গত কয়েকদিন ধরে দেশে মাদাকবিরোধী অভিযান চলছে। এ অভিযানের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধে গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।