সিরাজগঞ্জে যুবকের বস্তাবন্দি লাশ
সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের বস্তাবন্দি লাশ পাওয়া গেছে, যাকে তিন/চারদিন আগে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের।
রোববার দুপুরে উপজেলার গান্ধাইল ইউনিয়নের বেতগাড়ী এলাকায় মহিষামুড়া-সোনামুখী আঞ্চলিক সড়কে পাশে একটি গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয় কাজিপুর থানার ওসি এ কে এম লুৎফর রহমান জানান।
ওই যুবকের (৩২) মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি লুৎফর বলেন, বেতগাড়ী এলাকায় রাস্তার পাশের একটি গর্তে বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
“ধারণা করা হচ্ছে তিন চারদিন আগে তাকে হত্যার পর বস্তাবন্দি করে ফেলে রাখা হয়েছে।”
