রাজশাহীতে হাসান আজিজুল হককে নিয়ে চলচ্চিত্র প্রদর্শন
কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে নিয়ে চলচ্চিত্র ‘গল্পলোকের চিত্রকর’ প্রদর্শিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়ের শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক মিলনায়তনে বুধবার সন্ধ্যায় এ প্রদর্শনীর আয়োজন করে রাজশাহী ফিল্ম সোসাইটি।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোসাইটির সভাপতি আহসান কবির লিটন ও রাজশাহীর ঋত্বিক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ।
চলচ্চিত্রটিতে আছে হাসান আজিজুল হকের জীবনের নানা ঘটনা।
হাসান আজিজুল হক অনুষ্ঠানে আলোচনা সভায় বলেন, “রাজশাহী থেকে আমার জীবন নিয়ে চলচ্চিত্র তৈরি করবে শুনে ভীত হয়ে পড়েছিলাম। আমার জীবনটা জ্বলজ্বল করছে। এটা নিয়ে চলচ্চিত্র হবে আমি তো অবাক হচ্ছি। এমন ভালোবাসা আমি রাজশাহীতে পেয়েছি, এটা ছেড়ে আমি কোথাও যেতে পারি না।
“রাজশাহী আমার জন্মভূমিতে পরিণত হয়েছে। আমি গ্রামের ধুলাবালিতে বড় হওয়া এক দরিদ্র পরিবারের ছেলে। আমার বন্ধুরা ছিল রাখাল। এমন একটা ছেলের জীবনে কী-ই বা থাকতে পারে যা নিয়ে চলচ্চিত্র বানানো যায়।”
হাসান আজিজুল হক সম্পর্কে উপাচার্য বলেন, “তার উপমা তিনি নিজেই। তিনি আমাদের মধ্যে এখনও আছেন বলে হয়ত তার গুরুত্ব অনুভব করতে পারছি না।
“যেমন বাতাস ফুরিয়ে গেলে বাতাসের গুরুত্ব আমরা ভালোভাবে বুঝি। তিনি আমাদের মধ্যে থেকে চলে গেলেও তার কর্ম তাকে চিরদিন বাঁচিয়ে রাখবে।”
হাসানের ছাত্র ছিলেন জানিয়ে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, “স্যার হলেন এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই মানুষ। আমি তার ছাত্র ছিলাম। এখন তার শিষ্যে পরিণত হয়েছি। আমার রাজনৈতিক জীবনে তার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
“স্যারের ওপর যে প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে তা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের রাজনৈতিক, সামাজিক বলয়ে তার বড় একটা প্রভাব রয়েছে সেটা আমরা জানি। তিনি আমাদের মধ্যে এখনও আছেন বলে আমরা বুঝতে পারি না।”
রাজশাহী ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি এফএমএ জাহিদ, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাইদুর রহমান খান, বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির সভাপতি সাজ্জাদ বকুল অনুষ্ঠানে ছিলেন।
