আট ঘণ্টা পর সিলেটের পথে ট্রেন চালু
মৌলভীবাজারের লাউয়াছড়া বনে কালবৈশাখী ঝড়ে ট্রেন ও রেললাইনের ওপরে গাছ ভেঙে পড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।
রেলওয়ে ও বনবিভাগের কর্মীরা ভাঙা গাছ সরিয়ে রেলপথ পরিষ্কার করার পর বেলা পৌনে ১টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে কমলগঞ্জের শমশেরনগর স্টেশনের মাস্টার কবির আহমদ জানান।
বিভাগীয় বন কর্মকর্তা শামসুল মুইদ চৌধুরী জানান, দীর্ঘ চেষ্টায় রেল চলাচল শুরু করা গেলেও বিভিন্ন জায়গায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বনের ভেতর দিয়ে যাওয়া কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
রেল কর্মকর্তারা জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রমের সময় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে।
এ সময় উদ্যানের একটি বড় গাছ ট্রেনের ইঞ্জিনের ওপর ভেঙে পড়লে সহস্রাধিক যাত্রী নিয়ে ট্রেনটি সেখানে আটকা পড়ে।
ফলে ভোর ৪টা ২৫ মিনিট থেকে সিলেট-আখাউড়া রেলপথ বন্ধ হয়ে যায়; বিভিন্ন স্থানে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন।
যার মধ্যে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস শমশেরনগর স্টেশনে এবং জালালাবাদ এক্সপ্রেস শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনে আটকা পড়ে।
শমশেরনগর স্টেশনের মাস্টার কবির আহমদ জানান, উদ্ধারকর্মীরা ভেঙে পড়া গাছ সরিয়ে রেলপথ পরিষ্কার করার পর উদয়ন এক্সপ্রেস সকাল সোয়া ১০টার দিকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলোও ছাড়তে শুরু করে।
কিন্তু আধা ঘণ্টার মাথায় ওই এলাকা থেকে তিন কিলোমিটার দূরে বাধার মুখে পড়ে সিলেট থেকে ঢাকাগামী কালনী। বনের মধ্যে লাইনের ওপর আবারও একটি গাছ ভেঙে পড়লে ট্রেন থামাতে বাধ্য হন চালক।
ফলে আবারও সারাদেশের সঙ্গে সিলেটর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানান স্টেশন মাস্টার কবির আহমদ।
তিনি বলেন, বন বিভাগের কর্মীরা গাছ সরিয়ে রেলপথ খুলে দেওয়ার পর কালনী এক্সপ্রেস ঢাকার পথে ছেড়ে যায়।
বন বিভাগের লাউয়াছড়া বিট কর্মকর্তা মো. আনোয়ার জানান, প্রবল বর্ষণে পাহাড়ের ঢালে মাটি সরে যাওয়ায় অনেক জায়গায় গাছের শিকড় দুর্বল হয়ে গেছে। এরকমই একটি গাছ উপড়ে পড়ে কালনী এক্সপ্রেসের পথ আটকেছিল।
বিভাগীয় বন কর্মকর্তা শামসুল মুইদ চৌধুরী বলেন, “বনের ভেতরে বিভিন্ন জায়গায় ঝড়ে গাছ পড়েছে। আমাদের লোকজন সব জায়গার খোঁজ খবর নিয়ে রাস্তাঘাট স্বাভাবিক করতে কাজ করছে।”
