ময়মনসিংহে ৬ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা
ময়মনসিংহে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ছয়জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হকের আদালতে সদর উপজেলার রাজগঞ্জ গ্রামের মৃত আলাল উদ্দিনের স্ত্রী সাহেরা খাতুন বাদী হয়ে মামলাটি করেন বলে বাদীর আইনজীবী নজরুল ইসলাম চুন্নু জানিয়েছেন।
মামলার আসামিরা হলেন মেসর উদ্দিন (৮৫), গিয়াস উদ্দিন (৬৫), শরাফ উদ্দিন (৭২), হাসান আলী (৫৬), দুলাল মিয়া (৫৮) ও সিদ্দিকুর রহমান (৬০)। এরা সবাই সদর উপজেলার রাজগঞ্জ ও রাঘবপুর গ্রামের বাসিন্দা।
বিচারক মামলা আমলে নিয়ে পরবর্তীতে আদেশ দিবেন বলে জানান বাদীর আইনজীবী।
মামলা এজাহারের বরাত দিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে ৩০ নভেম্বর রাজগঞ্জ বাজার সংলগ্ন অরফুজ আলী ও হযরত আলীর বাড়িতে রাজাকার মেসর উদ্দিনের নেতৃত্বে আসামিরা হামলা করে মালামাল লুট করে।
“এ সময় তারা অরফুজ আলী ও হযরত আলীকে বাড়ি থেকে ধরে নিয়ে জবাই করে হত্যা করে ব্রহ্মপুত্র নদে লাশ ফেলে দেয়।”
