হবিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ২ শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক মোক্তাদির হোসেন।
মৃতরা হলেন উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে তকদীর হোসেন (৩০) ও রফিক আলীর ছেলে হায়দর আলী (১৫)।
স্থানীয়দের বরাত দিয়ে মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, সন্ধ্যায় দিকে ঝড় হয়। এ সময় আহমদপুর এলাকায় একটি বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে রাস্তায় তার পড়ে থাকে।
“রাত সাড়ে ৮টার দিকে তকদীর হোসেন ও হায়দর আলী হাওর থেকে কাজ শেষ করে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা ওই তারের সঙ্গে জড়িয়ে পড়েন।”
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
