২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় শিক্ষক লাঞ্ছিত, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

ঝিনাইদহের শৈলকুপায় একটি বিদ্যালয়ের তিন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 09:22 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে মঙ্গলবার হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ক্লাশ বর্জন করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

লাঞ্ছনার শিকার শিক্ষকরা হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপানন্দ কুমার মন্ডল, সহকারী শিক্ষক উত্তম কুমার অধিকারী ও আবুল বাশার।

স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান শিক্ষক উপানন্দ কুমার মন্ডল অভিযোগ করেন, সোমবার দুপুরে স্কুল পরিচালনা কমিটির সভা ছিল। সভা শেষে সভাপতি তোফাজ্জেল হোসেন সহকারী শিক্ষক শিক্ষক উত্তম কুমার অধিকারী ও আবুল বাশারের কাছে ছাত্রদের কাছ থেকে বেতন বাবদ টাকা আদায়ের রশিদ দেখাতে বলেন।

“এ সময় তিনি টাকাও দাবি করেন। এক পর্যায়ে সভাপতি ওই দুই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।”

এ সময় তিনি এগিয়ে এলে তাকেও ছুরি ধরেন এবং লাঞ্ছিত করেন বলে প্রধান শিক্ষকের অভিযোগ।

শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা ঘটনার সংবাদ শুনে বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ক্লাস বর্জন করে কুমিরাদহ গ্রামে সভাপতির বাড়ি ঘেরাও করে। সেখানে তাকে না পেয়ে পরে শৈলকুপা-হাটগোপালপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

“সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে বিক্ষোভ ও অবরোধ। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের আশ্বাসে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ তুলে নেয়।”

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি বলেন, ঘটনার সংবাদ শুনে তিনি সেখানে গিয়েছেন। শিক্ষক লাঞ্ছিত করার মতো ঘটনা খুবই লজ্জাজনক। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।