২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা, রাজধানীতে গ্রেপ্তার ৪

রাজধানীর দক্ষিণ বনশ্রী ও মিরপুর থেকে চার ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে, যাদের প্রশ্ন ফাঁসের নামে প্রতারণাকারী চক্রের সদস্য বলছে র‌্যাব। গ্রেপ্তারদের কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2018, 08:37 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

গ্রেপ্তারদের কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।

শুক্রবার ভোরে র‌্যাব-১১ এর একটি দল খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী ও মিরপুরের নাসিমবাগ এলাকায় এ অভিযান চালায় বলে র‌্যাবের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।  

গ্রেপ্তাররা হলেন মো. ইয়াসির আরাফাত ওরফে সাউদ (২৮), জুবায়ের আহমেদ ওরফে জাবের (২০), মো. রমজান আলী টিটু (১৮) ও মাহমুদ হাসান ওরফে প্রচ্ছদ ওরফে পারফেক্ট (২২)।

কর্নেল কামরুল জানান, এদের কাছ থেকে প্রশ্নপত্র প্রচার ও বিক্রির কাজে ব্যবহৃত ১৫টি মোবাইল ফোন, বিকাশে প্রশ্নপত্র বিক্রির টাকা লেনদেনে ব্যবহৃত ২৫টি মোবাইল ফোনের সিম কার্ড, তিনটি মেমোরি কার্ড, একটি ট্যাব, তিনটি ল্যাপটপ, একটি কম্পিউটার, একটি হার্ডডিস্ক, একটি পেনড্রাইভ ও একটি ব্লুটুথ ডিভাইস উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর ব্যাটালিয়ন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, বনশ্রী থেকে গ্রেপ্তার চক্রটি এইচএসসি ২০১৮ এর এবং ২০১৭ এর এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা ফেসবুক ও মেসেঞ্জার প্রচার করত।

“এক বছরের বেশী সময় ধরে ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটস্অ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা করে আসছিল তারা। উদ্ধারকৃত ১১টি বিকাশ নম্বরের মাধ্যমে তারা টাকা লেনদেন করত।”

গ্রেপ্তার ইয়াসির আরাফাত বিভিন্ন ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপের অ্যাডমিন ও সদস্য বলে জানিয়েছে, বলেন র‌্যাব কর্মকর্তা কামরুল।

তিনি আরও জানান, ইয়াসির আরাফাত ওরফে সাউদ ও জুবায়ের আহমেদ ওরফে জাবের সহোদর ভাই ও মো. রমজান আলী টিটু তাদের দূরসম্পর্কের চাচাত ভাই। এরা সবাই ইয়াসির আরাফাতের নেতৃত্বে কাজ করত বলে র‌্যাবকে জানিয়েছে।

র‌্যাব-১১ অধিনায়ক কামরুল আরও বলেন, ইয়াসির আরাফাত ওরফে সাউদ গত এক বছর ধরে প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা করে টাকা আদায় করে আছিলে। ইয়াসির কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে বিশেষ পারদর্শী।

তিনি আরও বলেন, মাহমুদ হাসান এই গ্রুপ থেকে প্রশ্নপত্র সংগ্রহ ও বিক্রয়ের নামে প্রতারণা করে আসছিল। সে এক হাজার ৫শ টাকা করে চলতি এইচএসসি পরীক্ষার ‘ভুয়া’ প্রশ্ন সংগ্রহ করে এক হাজার ৮শ টাকায় বিক্রি করত বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানান।