এইচএসসি: বদলি পরীক্ষা দিতে এসে যুবক দণ্ডিত
চলমান এইচএসসি পরীক্ষায় গাজীপুর শহরের একটি কেন্দ্র থেকে বদলি পরীক্ষা দিতে আসা এক যুবককে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ইংরিজ প্রথম পত্র পরীক্ষার দিন জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা জানান।
দণ্ডিত ইয়াসিন আরাফাত (২৪) নোয়াখালী সদর উপজেলার পশ্চিম বরদই গ্রামের হাবিব উল্লাহর ছেলে। তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ফাতেমাতুজ জোহরা বলেন, ওই কেন্দ্রের একটি কক্ষে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মানবিক শাখার সুব্রত মজুমদার নামের এক পরীক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে বদলি পরীক্ষা দিচ্ছিলেন ইয়াসিন। প্রবেশপত্রের ছবিটির সঙ্গে ইয়াসিনের মিল না থাকার বিষয়টি কর্তব্যরত কক্ষ পরিদর্শকের নজরে আসে।
“পরে বিষয়টি জানার পর যাচাই-বাছাই করে ভুয়া পরীক্ষার্থী শনাক্ত হয় এবং ইয়াসিন বদলি পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।”
