গাজীপুর সিটি নির্বাচনের কাজ শুরু
আর দেড়মাস পর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তা নতুন অস্থায়ী কার্যালয়ে কাজ শুরু করেছেন।
সোমবার রিটার্নিং কর্মকর্তা ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাকিব উদ্দিন মন্ডল জেলা শহরের ‘বঙ্গতাজ অডিটরিয়ামে’ কাজ শুরু করেন।
এখানে তিনি বিকালে তার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নির্বাচনের কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করেন।
শনিবার ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। এটি হবে এই সিটির দ্বিতীয় নির্বাচন। প্রথম নির্বাচন হয়েছিল ২০১৩ সালের ৬ জুলাই।
রিটার্নিং কর্মকর্তা রাকিব উদ্দিন মন্ডল বলেন, এ নির্বাচনে ১৯ জন সহকারী রিটার্নিং অফিসার ও তাদের প্রত্যেকের একজন করে সহায়ক কর্মকর্তা কাজ শুরু করেছেন।
“সোমবার তাদের মধ্যে ৫৭টি ওয়ার্ডকে ভাগ করে দায়িত্ব বন্টন ও মালপত্র বিবতরণ করা হয়েছে।”
নির্বাচন কমিশনের আদেশে গাজীপুর ছাড়াও মুন্সিগঞ্জ, নরসিংদী, নারয়ণগঞ্জ, ঢাকা, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ ও কুমিল্লা জেলা থেকে ওইসব কর্মকর্তা ওই কাজে যোগ দিয়েছেন বলে তিনি জানান।
তিনি জানান, তফসিল ঘোষণার দিন থেকে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কেউ বাইরে মিছিল, মিটিং করতে পারবে না; নির্বাচনী পোস্টার, ব্যানার স্থাপন করতে পারবে না।
ইতোমধ্যে এ ব্যাপারে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে এবং ওইসব উচ্ছেদ কাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারপরও কিছু এলাকায় পোস্টার-ব্যানার রয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তা এলাকায় সিটি করপোরেশন, নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে সমাবেশ করে নির্বাচনী অবৈধ, ফেস্টুন, বিলবোর্ড অপসারণ কার্যক্রম চালানো হবে বলে জানান রাকিব উদ্দিন।
“কেউ নির্বাচনী আচরণ ভঙ্গ করলে তাকে প্রথমে সতর্কীকরণ এবং সতর্ক না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। অনিয়ম করে কেউ পার পাবে না।”
সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন বলেন, কেউ চাইলে সোমবার থেকেই মনোনয়নপত্র ও ভোটার তালিকাসহ সিডি সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমার শেষ সময় ১২ এপ্রিল; যাচাই-বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় হলো ২৩ এপ্রিল। ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে হালনাগাদ তথ্য
জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, ভুলত্রুটি সংশোধনের পর ৫৭টি ওয়ার্ডে বর্তমানে ভোটার হলো ১১ লাখ ৩৭ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলো ৫ লাখ ৭৫ হাজার ৮১৬ এবং ৫ লাখ ৬১ হাজার ২৯৬ জন নারী।
এর আগের নির্বাচনে ভোটার ছিল ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন। এবার সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা হবে ৪৩০টি, গত বারের তুলনায় ৩৮টি বেশি।
