২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সৈকতে ফ্রি ওয়াইফাই জোন হবে: পলক

কক্সবাজার সমুদ্র সৈকতের এগারোটি পয়েন্টে 'ফ্রি ওয়াইফাই জোন' গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 10:20 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

সোমবার কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

পলক বলেন, “বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের ১১টি পয়েন্টে 'ফ্রি ওয়াইফাই জোন’ গড়ে তোলা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এ লক্ষ্যে দ্রুততার সঙ্গে কাজ করছে।”

কক্সবাজারবাসীসহ পর্যটকরা অতি শিগগিরই এর সুফল ভোগ করবেন বলে তিনি জানান।

'আমাদের সমুদ্র রাখিব বিশুদ্ধ’ শ্লোগানে সচেতনতা সৃষ্টিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী পলক আরও বলেন, পড়ালেখার পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীদের সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে লড়াই এবং দেশ গঠনের কাজে নিয়োজিত থাকতে হবে।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে 'গ্রীণ, ক্লিন ও সেফটি কক্সবাজার' গড়ে তুলতে সামাজিক জাগরণ সৃষ্টির জন্য ছাত্রলীগের নেতাকর্মিদের প্রতি আহবান জানান তিনি।

জেলা ছাত্রলীগ আয়োজিত 'সচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০১৮' উদ্বোধন অনুষ্ঠানে পলক প্রধান অতিথি ছিলেন।  

জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম এবং গ্রন্থনা ও প্রচার-প্রকাশনা সম্পাদক মইন উদ্দিন।

এ সময় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের এসপি মো. জিল্লুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী ও বিচ ফটোগ্রাফি দোকান মালিক সমিতির সভাপতি কাজী রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও ট্যুরিস্ট পুলিশ সদস্য, বিচ কর্মী ও সৈকতের পর্যটন ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন।