২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ ছাত্রীর মৃত্যু, ‘দৌড়ে পালিয়ে গেল তরুণ’

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের হোস্টেল থেকে এক ছাত্রীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2018, 11:01 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

কলেজ অধ্যক্ষ শাহাজ উদ্দিন বলেন, তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন, প্রেমের সম্পর্কের জেরে চৈতি মণ্ডল নামে বাংলা বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রী অত্মহত্যা করেছেন।

চৈতি শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের স্কুলশিক্ষক রূপকুমার মণ্ডলের মেয়ে।

হোস্টেলের কেয়ারটেকার আব্দুল জলিল বলেন, বেলা ১১টার দিকে ভাই পরিচয়ে এক তরুণ এসে চৈতির খবর জানতে চায়। চৈতি মোবাইল ফোন বন্ধ রাখায় পরিবার দুশ্চিন্তায় রয়েছে বলে তরুণটি জানায়।

“আমি অন্য ছাত্রীদের মাধ্যমে চৈতির খোঁজ নিই। তারা তার সড়া না পেয়ে জানালা দিয়ে দেখে, চৈতি ফ্যানের সঙ্গে ঝুলছে। এ খবর শুনে ভাই পরিচয় দেওয়া তরুণ দৌড়ে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। লাশ নিচে নামিয়ে রেখে সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায়।”

চৈতির মৃত্যুর ঘটনায় তার বাবা রূপকুমার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনেছেন রিগ্যান নামে এক তরুণের বিরুদ্ধে।

তিনি সাংবাদিকদের বলেন, রিগ্যান যশোর এমএম কলেজের ছাত্র। তার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলায়।

“রিগ্যানের সঙ্গে প্রেম ও তার প্ররোচনায় চৈতি আত্মহত্যা করেছেন।”

তিনি আত্মহত্যায় প্ররোচনার বিচার দাবি করেছেন।

মাগুরা সদর থানার এসআই শফিকুল ইসলাম ঘটনা তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আর কলেজ কর্তৃপক্ষ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বলে অধ্যক্ষ শাহাজ উদ্দিন জানিয়েছেন।