সাতক্ষীরায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত মিজানুর রহমান (১৬) উপজেলার কুশলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামের আব্দুল আলিম গাজীর ছেলে। সে ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
কালিগঞ্জ থানার ওসি সুবীর দত্ত বলেন, মিজান মোটরসাইকেল চালিয়ে নলতায় তার ফুফুবাড়ি যাচ্ছিল। বুধবার বেলা ২টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে ভাড়াশিমলা মোড়ে দ্রুতগামী ট্রাকের সামনে পড়ে। এ সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
