৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ পুলিশ সদস্য বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসআইসহ ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যাদের বিরুদ্ধে মাদকের একটি চালান উদ্ধারের পর আত্মসাতের অভিযোগ উঠেছিল।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 01:05 PM

Updated : 08 Apr 2022, 06:01 PM

কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, মঙ্গলবার রাতে প্রশাসনিক কারণে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এরা হলেন- কসবা থানার এসআই শ্যামল মজুমদার ও মনির হোসেন, এএসআই ফারুক ও সালাউদ্দিন, কনস্টেবল শাহজাহান ও কাসেম।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, “মঙ্গলবার সকালে কসবা উপজেলা টিআলীতে দুটি প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে ওই ছয় পুলিশ সদস্য। কিন্তু তারা থানায় অল্প কিছু জমা করে বাকিগুলো লুকিয়ে রাখে। রাতে তা ডিবি পুলিশ উদ্ধার করে। এ নিয়ে রাতেই তাদের বরখাস্ত করা হয়।”

ওসি মোহাম্মদ মহিউদ্দিন আরও জানান, মাদক আত্মসাতের অভিযোগ তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে ইকবাল হোসেনকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়া কথা রয়েছে কমিটির।