নড়িয়ায় বোমা বানাতে গিয়ে ২ যুবক আহত
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বোমা বানাতে গিয়ে দুই যুবক আহত হয়েছেন।
উপজেলার মশুরা গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে নড়িয়া থানা ওসি মো. আসলাম উদ্দিন জানান।
আহতরা হলেন উপজেলার শিরঙ্গল গ্রামের মোতালেব খালাসীর ছেলে শাহিন খালাসী (২০) ও শির্গংল গ্রামের বাদশা সরদারের ছেলে হৃদয় সরদার (১৯)।
এদের মধ্যে হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি আসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে মশুরা গ্রামের রহমান পেদার বাড়ির সামনে পেদা মার্কেটের কাছে ৪/৫ জন যুবক হাতবোমা বানাচ্ছিল। বোমা বানানোর এক পর্যায়ে বিস্ফোরণ ঘটলে শাহিন ও হৃদয় আহত হয়।
ঘটনাস্থল থেকে একটি তাজা হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ সিকদার বলেন, আহতদের মধ্যে হৃদয়ের অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
“আহত শাহিন ও হৃদয় নড়িয়া উপজেলা চেয়ারম্যান ইসমাইল হকের সমর্থক। এরা আহত হওয়ার পরে শিশির নামে এক ছাত্রলীগ নেতা তাদের মোটরসাইকেলে করে নিয়ে যায়।”
এ বিষয়ে নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক বলেন, “এ বিষয়ে কিছুই জানি না।ঘটনা শুনেছি।তবে আহতরা আমার লোক নয়।”
