১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সুরেশ্বর রক্ষাবাঁধে ভাঙন, আতঙ্কে গ্রামবাসী

শুষ্ক মৌসুমে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর রক্ষাবাঁধে ভাঙন শুরু হয়েছে। গত তিনদিনে পদ্মায় বিলীন হয়ে গেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে আতঙ্কে আছে এলাকাবাসী।

কে এম রায়হান কবীর

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 12:10 PM

Updated : 11 Oct 2022, 12:07 PM

সরেজমিন ঘুরে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে পদ্মার পাড়ের সুরেশ্বর রক্ষাবাঁধের সুরেশ্বর দরবার শরীফের পূর্বপাশে ভাঙন শুরু হয়। তিন দিনে তিনশ মিটার রক্ষাবাঁধ ও পাশের দুইশ মিটার এলাকা নদী বিলীন হয়ে গেছে। বিলীন হয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে সুরেশ্বর গ্রাম, কলেজ, সুরেশ্বর উচ্চ বিদ্যালয়, মধ্য সুরেশ্বর জামে মসজিদ ও সুরেশ্বর বাজার।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম শেখ জানান, ২০১২-১৩ অর্থ বছরে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পদ্মা নদীর ডান তীরে সুরেশ্বর দরবার শরীফ রক্ষা প্রকল্পের নামে সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে মিটার বাঁধ নির্মাণ করা হয়েছিল।

সুরেশ্বর বাঁধের পাশে বাড়ি আবুল হোসেন খান, আনোয়ার খান ও হানিফ মৃধার। বৃহস্পতিবার রাতে তাদের সব পদ্মায় মিশে গেছে।

আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার গভীর রাত থেকে হঠাৎ করে সুরেশ্বর বাঁধে ধস দেখা দেয়। এতে আমাদের তিনটি বসতবাড়ি পদ্মার গর্ভে চলে গেছে। এখন আমরা অসহায় অবস্থায় আছি।

স্থানীয় আতাউর রহমান বলেন, “প্রায় ৫ বছর পূর্বে সুরেশ্বর দরবার শরীফকে ঘিরে রক্ষাবাঁধ নির্মাণ করা হয়। গত বছর কিছু অংশ পদ্মায় বিলীন হয়ে যায়। এখন বৃহস্পতিবার থেকে আবার ধস শুরু হয়েছে। বিলীন হয়েছে আমার ব্যবসা প্রতিষ্ঠান। এ কারণে এলাকাবাসী আতঙ্কের মধ্যে আছে।”

ধসে যাওয়া বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন গৃহবধূ মরিময়ও বেনু বেওয়া, রহম আলী, সাকেরসহ সুরেশ্বর ও মধ্য সুরেশ্বর গ্রামের বাসিন্দারা।

রহম আলী বলেন, বড় ধরনের ধস নামার আগে যেন মেরামত ও ভাঙন ঠেকানোর কাজ শুরু করে সরকার।

প্রকৌশলী শফিকুল বলেন, ২০১২ সালে পদ্মা নদীর ডান তীরে সুরেশ্বর দরবার শরীফ রক্ষা প্রকল্পের তিনশ মিটার ধসে যায়। গত শনিবার ঐ আরো দুইশ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে।

“আমরা জরুরি ভিত্তিতে রাজস্ব খাত থেকে ধসে যাওয়া বাঁধ মেরামত করার চেষ্টা করছি।”