রাবিতে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিতে চড়াও ছাত্রলীগ
প্রগতিশীল ছাত্রজোটের ছাত্র ধর্মঘটের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনগুলোর কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে ‘নিপীড়নবিরোধী’ শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সোমবার সারাদেশে এই ছাত্র ধর্মঘট হয়।
এরই মধ্যে সকাল ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জোটের অবস্থান কর্মসূচিতে হামলা হয় বলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জলের ভাষ্য।
“প্রক্টরের সঙ্গে আমাদের এ নিয়ে কথাবার্তা চলছিল। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে বলেন, দেখি তোমরা কীভাবে বাস আটকাও। পরে পুলিশ এসে আমাদের সরিয়ে দিলে একটি বাস কাজলার দিকে চলে যায়। এ সময় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন ও ফিরোজ আহমেদ এসে আমাদের ধাক্কা দিতে শুরু করে।”
পরে বেলা ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। ক্যাম্পাসের প্রধান সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে গিয়ে তারা অবস্থান নেন। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।
আর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে প্রক্টর লুৎফর রহমান বলেন, “আমি সকাল থেকেই প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। এরপর বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করেছে। তবে সেখানে ছাত্রলীগের কেউ ছিল না ।”
