২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার বসেনি পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান পিয়ারের কাছে নেওয়া হলেও শনিবার তা বসানো হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2018, 08:14 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

প্রক্রিয়া অনেক দূর এগুলেও শনিবার সন্ধ্যা ঘনিয়ে আসায় স্থাপন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রকৌশলীরা।

তবে রোববার সকালের দিকেই এটি পিয়ারের ওপর বসিয়ে দেওয়া যাবে বলে জানান তারা।

সেতু প্রকল্পের দায়িত্বশীল এক প্রকৌশলী জানান, আলো স্বল্পতা এবং সার্ভে করতে প্রকৌশলীদের সমস্যা দেখা দেওয়ায় স্প্যানটি বসানো যায়নি। রোববার ভোরে বসানোর কাজ আবার শুরু হবে।

৩৮ ও ৩৯ নম্বর পিয়ারের ওপর বসানোর জন্য সামান্য দূরে রাখা হয়েছে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি। এর আগে স্প্যান বসানোর আনুসঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে।

প্রকৌশলীরা বলেছেন, প্রথম স্প্যান বসানোর সময় আনুষ্ঠানিকতা ছিল। এখন ঘন ঘনই স্প্যান বসবে। তাই আনুষ্ঠানিকতা আর হবে না।

শনিবার সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর তোড়জোর। এর আগে স্প্যানটি ৩৮ ও ৩৯ নম্বর পিয়ারের মাঝামাঝি নিয়ে আসা হয়। ৩৫ নম্বর পিয়ার এলাকা থেকে ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ জাহাজের ক্রেনে করে স্প্যানটি নিয়ে যাওয়া হয় ৩৮ ও ৩৯ নম্বর পিয়ার এলাকায়।

পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় গত ৩০ সেপ্টেম্বর। জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে বসানো হয় ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যান। এরপর ৩৯ ও ৪০ নম্বর পিয়ারের ওপর স্প্যান তোলার কথা ছিল। ইয়ার্ডে আগেই তৈরি ছিল দ্বিতীয় এ স্প্যানটি।

প্রথম স্প্যানটি শুধু দুটি পিয়ারের ওপর বসিয়ে দেওয়া গেলেও দ্বিতীয় স্প্যানটি প্রথমটির সঙ্গে জোড়া দিতে হবে বলে জানান প্রকৌশলীরা।