১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বসতভিটা দখলের অভিযোগ চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে

শরীয়তপুরের নড়িয়ায় একটি পরিবারকে ‘মারধর’ করে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 01:22 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

বৃহস্পতিবার উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের আব্দুল হক সরদারের ছেলে নজরুল ইসলাম শিকদার এ অভিযোগ করেন।

তবে ‘মারধর’ ও বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ অস্বীকার করেছেন ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক বেপারীর ছেলে ইমরান বেপারী।

ইমরান পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হকের ছোট ভাইয়ের ছেলে।

নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চান্দনী মৌজায় ৭৭২ দাগে ২০৭ নম্বর খতিয়ানে চার শতাংশ পৈত্রিক জমিতে একটি টিনের ঘরে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

“একদিন আগে ইমরান বেপারী আমার বাড়ির সামনের অংশ দখল করে দোকান নির্মাণ শুরু করে এবং আমাদের বসতভিটা ছাড়ার কথা বলে।

“তাতে রাজি না হওয়ার বুধবার ইমরানের লোক জুয়েলসহ বেশ কয়েকজন যুবক আমাদের মারধর ও বাড়ি ভেঙে দিয়ে বসতভিটা দখল করে রেখেছে।”

বর্তমানে পরিবার নিয়ে অন্য একটি গ্রামে উঠেছেন জানিয়ে নজরুল বলেন, এ নিয়ে বৃহস্পতিবার তার স্ত্রী নাজমা থানায় মামলা করেছেন।

“বসত ভিটা ও বাড়ি ফেরত পেতে আমরা প্রশাসনের সহায়তা চাই। জীবনের নিবাপত্তা চাই।”

অভিযোগের বিষয়ে ইমরান বেপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্রয়সূত্রে এ জমি আমি মালিক। আমি অন্যের জমি দখল করিনি। আমার নামে রেকর্ড পর্চা আছে।

“আমি দুদিন ধরে ঢাকায় আছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে তারা।”

নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, পরিবারের লোকদের মারধরের অভিযোগে বৃহস্পতিবার নাজমার করা মামলা জুয়েল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

অভিযোগের বিষয়ে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।