সিলেটে ছাত্রলীগের ধর্মঘট প্রত্যাহার
সিলেটে ছাত্রলীগকর্মী তানিম খান হত্যাকারীর গ্রেপ্তার দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী মঙ্গলবার দুপুরে ধর্মঘট স্থগিত ঘোষণা করেন।
তিনি সাংবাদিকদের বলেন, “পুলিশ তানিম হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় আমরা অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট স্থগিত করেছি।”
গত রোববার রাত ৯টায় টিলাগড় এলাকায় সিলেট সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী তানিমকে কুপিয়ে হত্যা করা হয়।
পরদিন সকালে সিলেট সরকারি কলেজসহ তার পাশের এমসি কলেজেও তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রলীগকর্মীরা। বন্ধ থাকে দুই কলেজের ক্লাস-পরীক্ষা।
ধর্মঘট স্থগিত ঘোষণার সময় তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন ছাত্রনেতা সঞ্জয় চৌধুরী।
“কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার তানিমের কলেজে বিক্ষোভ মিছিল ও কালো ব্যাজ ধারণ, বৃহস্পতিবার মানববন্ধন, শুক্রবার মিলাদ ও দোয়া মাহফিল।”
এদিকে হত্যার ঘটনায় পুলিশ চারজনকে আটক করলেও এখনও মামলা হয়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এম এ ওয়াহাব বলেন, নিহতের পরিবার মামলার করার পর সব আসামি দ্রুত গ্রেপ্তার করা হবে।
সিলেটের টিলাগড় এলাকায় আধিপত্য বিস্তরের জন্য ছাত্রলীগের দুটি পক্ষ সক্রিয় রয়েছে।
গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংঘর্ষে জড়ায় তারা। এ সংঘর্ষের জেরেই তানিম খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা বলছেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রণজিৎ সরকার এবং মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আজাদুর রহমান পেছন থেকে এই দুই পক্ষের নেতৃত্বে রয়েছেন।
নিহত তানিম রণজিৎ পক্ষের কর্মী বলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু জানিয়েছেন।
