গাজীপুরে সাফারি পার্কে হাতি পরিবারে নতুন সদস্য
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি শাবকের জন্ম হয়েছে।
পার্কের বন্যপ্রাণী সুপারভাইজার মো. সারোয়ার আলম জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মা হাতি বেলকলি একটি মেয়ে শাবক জন্ম দেয়।
বর্তামানে বেলকলি ও শাবক সুস্থ রয়েছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে বর্তমানে তাদের পার্কে হাতির সংখ্যা হল আট। তাদের মধ্যে দুটি মর্দা ও ছয়টি মাদী।
২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে পার্কটিতে এশিয়াটিক জাতের দুটি মর্দা ও চারটি মাদী হাতি আনা হয় বলে তিনি জানান।
তারপর গত অগাস্টে মুক্তিরানি এ পার্কে প্রথম একটি শাবক জন্ম দেয়।
পার্কের সুপারভাইজার মো. আনিসুর রহমান বলেন, শাবকসহ মা হাতিটিকে আলাদা করে রাখা হয়েছে। দর্শনার্থীরা যাতে বিরক্ত না করতে পারে সেজন্য কাউকে তাদের কাছে যেতে দেওয়া হচ্ছে না।
হাতির বাচ্চা জন্মের আধাঘণ্টার মধ্যে উঠে দাঁড়ায় জানিয়ে পার্কের ভেটেরিনারি সার্জন মো. নিজাম উদ্দিন চৌধুরী বলেন, জন্মের সময় এদের ওজন হয় ৫৫ কেজির মত। তিন-চার বছর পর্যন্ত এরা মায়ের দুধ পান করে। তবে এক বছর পর থেকে দুধের পাশাপাশি অন্য খাবার খেতে চেষ্টা করে।
“শাবক জন্ম দেওয়ার পর মা হাতি হিংস্র হয়ে ওঠে। বাচ্চার কাছে কাউকে ভিড়তে দেয় না।”
মা হাতি বেলকলির প্রতিদিনের খাবার তালিকায় ৪০ কেজি গাজর, ২০ কেজি মিস্টি কুমড়া, ৪০ কেজি আখসহ কলাগাছ, সবুজ ঘাস ইত্যাদি রয়েছে বলে তিনি জানান।
নতুন শাবকটির নাম এখনও ঠিক হয়নি।
তবে সার্জন নিজাম বলেন, মায়ের নামের সঙ্গে মিল রেখে ফুলকলি রাখার প্রস্তাব করা হবে।
