২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালিশে তিরস্কারের পর গৃহবধূর ‘আত্মহত্যা’

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে সালিশের পর এক গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

মো. শাকিল আহমেদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 11:09 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

উপজেলার হরিপুর ইউনিয়নের খোলড়া গ্রামে এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার আত্মহত্যায় প্ররোচনার মামলা হওয়ার পর বিষয়টি জানাজানি হয়।  

ওই গৃহবধূকে দোররা মারার কথা এলাকায় প্রচার হলেও পুলিশ ও মৃতের স্বজনরা তা অস্বীকার করেছেন।

হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার মৃত গৃহবধূ মৌসুমী আক্তারের (১৯) চাচা আব্দুল হাই বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছেন।

মামলায় কাজী আবুল কালাম আজাদ, স্বামী জাহাঙ্গীর আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিন জনকে আসামি করা হয় বলে ওসি জানান।

ওসি জানান, ইতিমধ্যে পুলিশ আসামি কাজী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে।

এর আগে ঘটনার দিন (২১ ডিসেম্বর) মৌসুমীর মা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছিলেন বলেও ওসি জানান।

মামলার বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বছর খানের আগে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের খামার গ্রামের প্রয়াত হবিবর রহমানের মেয়ে মৌসুমী আক্তারের সঙ্গে খোলড়া গ্রামের জাহাঙ্গীর আলমের বিয়ে হয়।

ট্রাক চালকের সহকারীর কাজ করায় জাহাঙ্গীরকে প্রায় সময় বাইরে থাকতে হয়। এ সুযোগে জাহাঙ্গীরের ছোট ভাই হাসিবুল ইসলামের সঙ্গে মৌসুমীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে মামলায় অভিযোগ করা হয়।

ওসি জানান, গত ১৪ ডিসেম্বর রাতে এ দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করেন মৌসুমীর স্বামী জাহাঙ্গীর। এরপর ওই রাতেই স্থানীয় মাতব্বরদের নিয়ে জাহাঙ্গীর আলমের বাড়িতেই শালিস বৈঠক হয়।

“বৈঠকে স্থানীয় কাজী আবুল কাজাল আজাদ ছাড়াও গ্রাম্য মাতব্বর আব্দুল কাদের, সাবেক ইউপি সদস্য জামালসহ অনেকে উপস্থিত ছিলেন।” 

মামলায় অভিযোগ করা হয়, বৈঠকে মাতব্বরা মৌসুমিকে নানা ধরনের অশ্লীল কথা বলেন। এ সময় মৌসুমী স্বামীর কাছে ক্ষমা চান। পরদিন (১৫ ডিসেম্বর) মৌসুমী পিত্রালয়ে চলে যান। এর দুদিন পর (১৭ ডিসেম্বর) স্ত্রীকে ফিরিয়ে আনতে জাহাঙ্গীর শ্বশুর বাড়ি যান এবং সেখানে তিনদিন থাকার পর বুধবার (২০ ডিসেম্বর) মৌসুমীকে নিয়ে বাড়িতে ফিরেন।

“পরদিন (২১ ডিসেম্বর) বিকালে মৌসুমী তার স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।”

বৃহস্পতিবার সরেজমিনেও এলাকার লোকজনের কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে।

স্থানীয় বাসিন্দা মরিয়ম বেগম বলেন, সালিশ বৈঠকে ‘ইসলামি শরিয়ত মোতাবেক’ দোররা মারার বিষয়ে কথা হলে মৌসুমী স্বামীসহ সকলের কাছে ক্ষমা চায়। এরপর সবাই মৌসুমীকে মাফ করে দেয়।

“এখানে মৌসুমীকে দোররা বা মারপিট করা হয়নি।”

মামলার বাদী আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালিশ বৈঠকে আসামিরা আমার ভাতিজী মৌসুমী আক্তারকে নানা ধরনের অশ্লীল কথা বলেছেন। পুনরায় স্বামীর বাড়িতে ফিরে আসার পর উক্ত আসামিরা আবার অশ্লীল কথাবার্তা বলে।

“এরপর আমার ভাতিজী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।”

মৌসুমীর স্বামী জাহাঙ্গীর আলম বলেন, “আমি নিজে আমার ভাই ও স্ত্রীকে দুই-চারটি চড়থাপ্পর দেই। সালিশে আমার স্ত্রীকে দোররা দেওয়া হয়নি। কিছু ব্যক্তি মিথ্যা দোররা মারার বিষয়টি এলাকায় ছড়াচ্ছে।”

ওসি রুহুল কুদ্দস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় কিছু ব্যক্তি আত্মহত্যার বিষয়টিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এলাকায় বিভিন্ন ধরনের কথা ছাড়াচ্ছে।

“সুরতহাল রিপোর্টে গৃহবধূর শরীরে কোনো ধরনের আঘাতের চি‎হ্ন পাওয়া যায়নি। তারপরও আমরা ময়নাতদন্ত করেছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে।”

তিনি বলেন, এখন পর্যন্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। খুব শিগগিরই অন্য আসামিদেরও গ্রেপ্তার করা  হবে।