২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ভোটকেন্দ্রের কাছে অর্ধশত অস্ত্র

কুমিল্লার দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের সময় একটি কেন্দ্র এলাকা থেকে অর্ধশত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 01:56 PM

Updated : 12 Apr 2022, 01:00 AM

 এদিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করেছেন, তার ওপর হামলা হয়েছে। এছাড়া সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা হয়েছে।

বাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান জানান, নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের ঝোপ থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এসব অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, কুড়াল, ছুরি, লাঠি প্রভৃতি।

তবে এসব অস্ত্রের উৎস বা মালিক সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

এদিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাকসুদুল আলম অভিযোগ করেন, বেলা ১২টায় দৌলতপুর কেন্দ্রে তার ওপর হামলা হয়েছে।

“বিএনপির প্রার্থী শফিকুল ইসলামের লোকজন এই হামলা চালিয়েছে। তারা আমাকে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে।”

তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান।

পরিদর্শক নাজমুল বলেন, পুলিশ হামলাকারীদের খুঁজছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব জায়গায় পুলিশ কাজ করে যাচ্ছে।

এ ব্যাপারে শফিকুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

এদিকে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কামতা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সাংবাদিকদের ওপর হামলাচেষ্টার খবর দিয়েছে পুলিশ।

দাউদকান্দি থানার ওসি নূরুল ইসলাম বলেন, আট-দশজনের একটি দল লাঠিসোটা নিয়ে সাংবাদিকদের গাড়ি থামিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে।

হামলাকারীদের ধরার চেষ্টা চলছে বলে তিনি জানান।

স্থানীয় সরকারের প্রতিষ্ঠান পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের ১২৭টি এলাকায় বিভিন্ন পদে সাধারণ, স্থগিত নির্বাচন ও উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে জেলা পরিষদের ভোট হবে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত, যেখানে কেবল জনপ্রতিনিধিরাই ভোটার।