কক্সবাজার সৈকতে দম্পতিকে ট্যুরিস্ট পুলিশের ‘হেনস্তা’
কক্সবাজার সৈকতে বেড়াতে যাওয়া এক দম্পতিকে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে ট্যুরিস্ট পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে।
সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে ভুক্তভোগী মো. কায়দে আজম লিখিত অভিযোগ করেছেন বলে জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান।
তিনি বলেন, “সৈকতে বেড়াতে গিয়ে ট্যুরিস্ট পুলিশের এক এএসআইয়ের কাছে এক দম্পতি নাজেহাল হওয়ার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য ট্যুরিস্ট পুলিশের এসপি বরাবর নির্দেশনা দেওয়া হয়েছে।”
শহরের বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা কায়দে আজম বলেন, রোববার রাত ৮টার দিকে স্ত্রীসহ সৈকতের লাবণী পয়েন্টে পর্যটক চেয়ারে বসেছিলেন। এ সময় এএসআই মো. মাসুদসহ তিন পুলিশ সদস্য এসে পরিচয় জানতে চান।
“আমরা স্বামী-স্ত্রী পরিচয় দেয়ার পরও মিথ্যা বলছি জানিয়ে ধমকাতে থাকেন এবং এক পর্যায়ে বাড়ি থেকে স্বজনদের এনে পরিচয় নিশ্চিত করতে বলেন; অন্যথায় পুলিশের কাছে হস্তান্তর করার হুমকি দেন।”
অভিযোগের ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. জিল্লুর রহমান বলেন, “এ ধরনের অভিযোগের বিষয়ে জানি না। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে এএসআই মাসুদের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
