২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন পোপ ফ্রান্সিস

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আসবেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 11:33 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

সাভার গণর্পূত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকা থেকে সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছবেন পোপ ফ্রান্সিস।

তার আগমনকে সামনে রেখে ইতিমধ্যে স্মৃতিসৌধে ধোয়া-মোছা ও রং করার কাজ শেষ হয়েছে বলে জানান মিজানুর।

মিজানুর বলেন, এ উপলক্ষে ২৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। স্মৃতিসৌধের মূল ফটকে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পোপ ফ্রান্সিসের ছবি টাঙ্গানো হয়েছে।

৩০ বছরে এই প্রথম কোনো পোপ বাংলাদেশ সফরে আসছেন। সর্বশেষ ১৯৮৬ সালে পোপ দ্বিতীয় জন পল এদেশ সফর করেছিলেন।

পোপ ফ্রান্সিস মিয়ানমার সফর শেষ করে বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামবেন।

বিমানবন্দরে রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরুকে অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় ২১ বার তোপধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে এবং গার্ড অব অনার দেওয়া হবে।

পোপের সফরসূচিতে দেখা যায়, বিমানবন্দর থেকে সরাসরি সাভারে যাবেতিনি। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।