বারির গবেষণায় ভাসমান সবজি চাষে নতুন সম্ভাবনা
গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট জলাশয়ে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে দেশের চাহিদার চেয়ে দ্বিগুণের বেশি উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছে।
ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, “জলাশয় কাজে লাগিয়ে দেশের সবজির চাহিদা মেটানোর জন্য এই প্রকল্পে গবেষণা করা হয়। ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে দেশের চাহিদার চেয়ে দ্বিগুণের বেশি উৎপাদন সম্ভব। গবেষণা চালানোর পাশাপাশি এখন বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার চিন্তাভাবনা চলছে।”
এ পদ্ধতিতে বাঁশ বা পিভিসি পাইপ ও জাল দিয়ে অবকাঠামো তৈরি করা হয় জানিয়ে তিনি বলেন, সাধারণত ২০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের বেড বানিয়ে জালের ওপর কচুরিপানা বিছানো হয়। এই বিছানাই সবজির ক্ষেত। এর ওপর সবজির চারা রোপণ করা হয়।
ইনস্টিটিউটের প্রযুক্তি বিস্তার প্রকল্পের পরিচালক মোহাম্মদ আবু তাহের মাসুদ বলেন, বর্তমানে দেশে বছরে সবজির চাহিদা প্রায় ১১ দশমিক ২৪ মিলিয়ন মেট্রিকটন। আর উৎপাদন হয় মাত্র ৩ দশমিক ১৩ মিলিয়ন মেট্রিকটন।
ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “দেশে নিচু জলাশয়ের পরিমাণ প্রায় ৩০ লাখ হেক্টর, যেখানে প্রায় সারা বছর পানি থাকে। বর্তমানে শূন্য দশকি ৩৭৪ মিলিয়ন হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে। জলাশয়ে ভাসমান পদ্ধতিতে ৩০ লাখ হেক্টর জমিতে সবজি চাষ করা গেলে ২৪.৮৬ মিলিয়ন মেট্রিকটন উৎপাদন করা যাবে, যেখানে দেশের চাহিদা এর অর্ধেক, ১১ দশমিক ২৪ মিলিয়ন মেট্রিকটন।”
এ পদ্ধতিতে সবজি চাষ করলে সেখানে মাছ চাষ সম্ভব কিনা এ বিষয়ে আবু তাহের বলেন, এতে বিনা খরচে অধিক মাছ উৎপাদন সম্ভব। কারণ এখানে মাছের জন্য বিনা মূল্যে উত্তম খাবার পাওয়া যায়।
