খুলনায় পাটকল গুদামে অগ্নিকাণ্ড
খুলনার রূপসায় গ্লোরী জুট মিলের গুদামে আগুনে বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে।
রোববার দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং একঘণ্টার চেস্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবুল হোসেন।
রূপসা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, শেখ মনিরুজ্জামানের মালিকানাধীন গ্লোরী জুট মিল লিমিটেডের ১ নম্বর গুদামে বেলা সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন গুদামের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
“আগুনে বিপুল পরিমাণ মুজদ পাট পুড়ে গেছে।”
তবে কীভাবে আগুন ধরেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।
খুলনার আঞ্চলিক ফায়ার সার্ভিস অফিসের উপ-পরিচালক মো. আবুল হোসেন জানান, ফায়ার ব্রিগেডের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
কীভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে জানান এ কর্মকর্তা।
