কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
যাত্রীবাহী পরিবহন থেকে মাদক উদ্ধারের ঘটনায় পরিবহন শ্রমিকদের গ্রেপ্তারের প্রতিবাদে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার ভোর ৬টা থেকে কুষ্টিয়ার সঙ্গে দেশের অন্যান্য জেলার যান চলাচল বন্ধ রয়েছে।
কুষ্টিয়া মোটর-শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম বলেন, “মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করে অন্যায়ভাবে পরিবহন শ্রমিকদের গ্রেপ্তার করা হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পঠানো হচ্ছে।”
মাহবুব বলেন, “এ অবস্থায় শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে রাজি নয়। তাই মালিক শ্রমিক ঐক্য পরিষদ বাধ্য হয়ে এ পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে।”
দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে এ শ্রমিক নেতা জানান।
