এমপির গুলিবিদ্ধ গানম্যানের মৃত্যু
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য রেজা আলীর গুলিবিদ্ধ গানম্যানের মৃত্যু হয়েছে।
শনিবার গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান।
নিহত আজগর আলী (৫২) বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুরের বাসিন্দা।
রেজা আলী বলেন, “শনিবার দুপুরে বন্দুক পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ হন আজগর আলী। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।”
বন্দুকটি আজগর আলীর নামে লাইসেন্স করা বলেও জানান তিনি।
নিহতের ভাগিনা চিকিৎসক মোল্লা মিজানুর রহমান বলেন, “তার মামা ৩/৪ বছর ধরে রেজা আলীর গানম্যান হিসেবে কাজ করছেন।নিজের অসাবধানতার কারণেই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করছি আমরা।”
ওসি জাকিউর বলেন, আজগর আলী নিজের লাইন্সেসকৃত বন্দুকের গুলিতেই মারা গেছেন। তবে তার পরিবারের কেউ যদি অভিযোগ করে তা আমলে নিয়ে তদন্ত করা হবে।
